আমি মরীচিকা দেখেছি, দেখেছি মরীচিকা ঐ ধূসর মরুর কর্কশতম প্রান্তে, যেথায় মরুবেদুইন দাপিয়ে বেড়ায় কত শত ভুল-ভ্রান্তে, তৃষাতুর বেশে ছুটে ছুটে শেষে প্রাণভ্রমরটা ক্ষান্তে। মায়া-মরীচিকা, শঠ প্রহেলিকা বৃথা সবই নিতান্তে।।

আমি মরীচিকা দেখেছি, দেখেছি মরীচিকা ঐ সুরম্য অট্টালিকার শূন্য কুঠুরিতে, যেথায় ভাঙাচোরা সুখ স্মৃতি হাতরায় দেয়ালের পোর্ট্রেটে,

যেথায় মিথ্যে শ্রুতিতে, মোহ-মায়া রীতে প্রেম পুঁজি হয় নিলাম শিকেতে ত্যাগ-তিতিখা, সবই ঝুটা—ফিকা কাঁদে সেথা নিভৃতে।।

আমি মরীচিকা দেখেছি, মরীচিকা দেখেছি ঐ পথশিশুর জঠর-যন্ত্রণায়, তার রুগণ চক্ষু স্বপ্ন বোনে সহস্র প্রেরণায়,

আজও রোগে-শোকে পথ্য জোটে না, জোটে না যে ভালো আহার বুকে জমে থাকে চাপা কষ্টের পাহাড়, স্বপ্নতারণা, সুখের বাসনা

রঙিন দুনিয়ার সবই নাকি মানা— তাই তার ভাগে, রাগে-অনুরাগে জোটে প্রহার-যাতনা।।

আমি মরীচিকা দেখেছি, দেখেছি মরীচিকা ঐ সমরযানের গগনবিদারী হুংকারে, যেথায় খুন-পিয়াসে লাশের মিছিল প্রতি ক্ষণে ক্ষণে বাড়ে, সাইরেন ধ্বনি, অনলতরণী বুঝি খোয়া গেল জীবনের মণি—

যুদ্ধ সমর রণ ঘনঘোর তাকৎ-আলাপে ভিজিছে অধর,

এত বিভীষিকা, বহ্নির শিখা দিনশেষে তার সবই মরীচিকা শান্তিকপোত খুঁজিয়া ফিরিছে সুকুনের কমলিকা।।

লক্ষ জনম ঘুরিয়া পেয়েছি মানবজনম মোর— হেথায়-হোথায় যেদিকে তাকাই মরীচিকায় ধূসর,

বলো আর কবে এক হবো সবে সাজাবো পৃথিবী শত কলরবে

ভেঙেচুরে সব হবে চুরমার অকল্যাণের সুর। সুখের ধুয়াতে খেই তুলে নিয়ে ধরা হবে সুমধুর।।

— রাগীব ১৫.০৪.২৬